¹ তবুও, যারা বিপর্যস্ত হয়েছিল, তাদের মধ্যে বিষাদ আর থাকবে না। অতীতকালে তিনি সবূলূনের ভূমি ও নপ্তালির ভূমিকে অবনত করেছিলেন; কিন্তু পরবর্তীকালে তিনি সমুদ্রের নিকটবর্তী সেই পথ থেকে, জর্ডন নদীর তীরে স্থিত পরজাতিদের গালীলকে সম্মানিত করবেন। ² যে জাতি অন্ধকারে বসবাস করত, তারা এক মহাজ্যোতি দেখতে পেয়েছে; যারা মৃত্যুচ্ছায়ার দেশে বসবাস করত, তাদের উপরে এক জ্যোতির উদয় হয়েছে। ³ তুমি সেই জাতির বৃদ্ধি করেছ এবং তাদের আনন্দ বর্ধিত হয়েছে; তারা তোমার সামনে আনন্দিত হয় যেমন লোকে শস্যচয়নের সময়ে করে, যেমন যোদ্ধারা আনন্দ করে, যখন তারা লুন্ঠিত বস্তু বিভাগ করে। ⁴ যেমন তোমরা মিদিয়নকে পরাস্ত করার সময়ে করেছিলে, তাদের দাসত্বের জোয়াল তোমরা ভেঙে ফেলবে, তাদের কাঁধ থেকে ভারী বোঝা তুলে ফেলবে, তোমরা নিপীড়নকারীদের লাঠি ভেঙে ফেলবে। ⁵ যুদ্ধে ব্যবহৃত প্রত্যেক যোদ্ধার জুতো ও রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক অবশ্য দগ্ধ করা হবে, সেগুলি আগুনের জ্বালানিস্বরূপ হবে। ⁶ কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে, আমাদের কাছে এক পুত্রসন্তান দেওয়া হয়েছে, শাসনভার তাঁরই কাঁধে দেওয়া হবে। আর তাঁকে বলা হবে আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রমী ঈশ্বর, চিরন্তন পিতা, শান্তিরাজ। ⁷ তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির কোনো সীমা থাকবে না। তিনি দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ব করবেন, ন্যায়বিচার ও ধার্মিকতার সঙ্গে তিনি তা প্রতিষ্ঠিত করে সুস্থির করবেন, সেই সময় থেকে অনন্তকাল পর্যন্ত করবেন। সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগই তা সম্পাদন করবে।
²⁶ ছয় মাস পরে ঈশ্বর তাঁর দূত গ্যাব্রিয়েলকে গালীল প্রদেশের নাসরৎ-নগরে এক কুমারীর কাছে পাঠালেন। ²⁷ তিনি দাউদ বংশের যোষেফ নামে এক ব্যক্তির সঙ্গে বাগদত্তা হয়েছিলেন। সেই কুমারী কন্যার নাম ছিল মরিয়ম। ²⁸ দূত তাঁর কাছে গিয়ে বললেন, “মহান অনুগ্রহের অধিকারিণী, তোমাকে অভিনন্দন! প্রভু তোমার সঙ্গে আছেন।” ²⁹ তাঁর কথা শুনে মরিয়ম অত্যন্ত বিচলিত হলেন এবং অবাক হয়ে ভাবলেন, এ কী ধরনের অভিবাদন হতে পারে! ³⁰ কিন্তু দূত তাঁকে বললেন, “মরিয়ম, ভয় পেয়ো না। তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। ³¹ তুমি অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্রের জন্ম দেবে, আর তুমি তাঁর নাম রাখবে যীশু। ³² তিনি মহান হবেন ও পরাৎপরের পুত্র নামে আখ্যাত হবেন। প্রভু ঈশ্বর তাঁর পিতা দাউদের সিংহাসন তাঁকে দেবেন ³³ এবং তিনি যাকোব বংশে চিরকাল রাজত্ব করবেন। তাঁর রাজত্বের কখনও অবসান হবে না।” ³⁴ মরিয়ম দূতকে জিজ্ঞাসা করলেন, “তা কী করে হবে? আমি যে কুমারী!” ³⁵ উত্তর দিয়ে দূত তাঁকে বললেন, “পবিত্র আত্মা তোমার উপরে অবতরণ করবেন ও পরাৎপরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র পুরুষ জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবেন। ³⁶ আর তোমার আত্মীয় ইলিশাবেতও বৃদ্ধ বয়সে সন্তানের মা হতে চলেছেন। যাকে সকলে বন্ধ্যা বলে জানত, এখন তাঁর ছয় মাস চলছে। ³⁷ কারণ ঈশ্বর যা বলেন তা সবসময় সত্যি হয়।” ³⁸ মরিয়ম উত্তর দিলেন, “আমি প্রভুর দাসী। আপনি যে রকম বললেন, আমার প্রতি সেরকমই হোক।” এরপর দূত তাঁকে ছেড়ে চলে গেলেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
0:00
0:00