মৃত্যুর উপর যীশুর ক্ষমতা

সহভাগিতা

গতবার আমাদের দেখা হওয়ার পর থেকে আপনার সাথে যা ঘটেছে তার উপর ভিত্তি করে, কোন কোন বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ?
এই সপ্তাহে কী আপনাকে মানসিক চাপের মুখে ফেলেছে এবং কী করলে পরিস্থিতি ভালো হবে বলে মনে হয়?
আপনার সম্প্রদায়ের লোকদের প্রয়োজন কী কী এবং আমরা কীভাবে একে অপরের প্রকাশিত চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারব?
শেষবার যখন আমাদের দেখা হয়েছিল, তখন গল্পটা কী ছিল? ঈশ্বর এবং মানুষ সম্পর্কে আমরা কী শিখেছি?
আমাদের শেষ মিটিং এ, আপনি যা শিখেছেন তা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি কী করতে পেরেছেন? তা কেমন ছিল?
আগের গল্পটি থেকে আপনি কারও সঙ্গে কি কিছু শেয়ার করেছেন? তারা কীভাবে সাড়া দিয়েছেন?
আগের বারে আমরা বেশ কয়েকটি প্রয়োজন চিহ্নিত করেছিলাম এবং সেই চাহিদা মেটানোর পরিকল্পনা করেছিলাম। তা কেমন হলো?
এবার, ঈশ্বরের কাছ থেকে আজকের গল্প পড়ি...

যোহন 11: 1-44

¹ লাসার নামে এক ব্যক্তি পীড়িত ছিলেন। তিনি ছিলেন বেথানি গ্রামের অধিবাসী, যেখানে মরিয়ম ও তার বোন মার্থা বসবাস করতেন। ² এই মরিয়মই প্রভুর উপরে সুগন্ধিদ্রব্য ঢেলে তাঁর চুল দিয়ে প্রভুর পা-দুটি মুছিয়ে দিয়েছিলেন। তাঁরই ভাই লাসার সেই সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। ³ দুই বোন তাই যীশুর কাছে সংবাদ পাঠালেন, “প্রভু আপনি যাকে প্রেম করেন, সে অসুস্থ হয়ে পড়ছে।” একথা শুনে যীশু বললেন, “এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি, কিন্তু ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য এরকম হয়েছে, যেন ঈশ্বরের পুত্র এর মাধ্যমে গৌরবান্বিত হন।” মার্থা, তাঁর বোন ও লাসারকে যীশু প্রেম করতেন। তবুও লাসারের অসুস্থতার কথা শুনে তিনি যেখানে ছিলেন, সেখানেই আরও দু-দিন রইলেন। এরপর তিনি তাঁর শিষ্যদের বললেন, “চলো, আমরা যিহূদিয়ায় ফিরে যাই।” তাঁর শিষ্যেরা বললেন, “কিন্তু রব্বি, কিছু সময় আগেই তো ইহুদিরা আপনাকে পাথর মারার চেষ্টা করেছিল, তবুও আপনি সেখানে ফিরে যেতে চাইছেন?” যীশু উত্তর দিলেন, “দিনের আলোর স্থায়িত্ব কি বারো ঘণ্টা নয়? যে মানুষ দিনের আলোয় পথ চলে, সে হোঁচট খাবে না। কারণ এই জগতের আলোতেই সে দেখতে পায়। ¹⁰ কিন্তু রাতে যখন সে পথ চলে, তখন সে হোঁচট খায়, কারণ তার কাছে আলো থাকে না।” ¹¹ একথা বলার পর তিনি তাঁদের বললেন, “আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে। কিন্তু তাকে জাগিয়ে তুলতে আমি সেখানে যাচ্ছি।” ¹² তাঁর শিষ্যেরা বললেন, “প্রভু, সে যদি ঘুমিয়ে পড়েছে, তাহলে সে সুস্থ হয়ে উঠবে।” ¹³ যীশু তাঁর মৃত্যুর বিষয়ে বলছিলেন, কিন্তু তাঁর শিষ্যেরা ভাবলেন, তিনি স্বাভাবিক ঘুমের কথা বলছেন। ¹⁴ তাই তিনি তাঁদের স্পষ্টভাবে বললেন, “লাসারের মৃত্যু হয়েছে। ¹⁵ তোমাদের কথা ভেবে আমি আনন্দিত যে, আমি তখন সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করতে পারো। চলো, আমরা তার কাছে যাই।” ¹⁶ তখন থোমা, যিনি দিদুমঃ (যমজ) নামে আখ্যাত, অন্যান্য শিষ্যদের বললেন, “চলো, আমরাও যাই, যেন তাঁর সঙ্গে মৃত্যুবরণ করতে পারি।” ¹⁷ সেখানে এসে যীশু দেখলেন যে, চারদিন যাবৎ লাসার সমাধির মধ্যে আছেন। ¹⁸ বেথানি থেকে জেরুশালেমের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। ¹⁹ আর মার্থা ও মরিয়মের ভাইয়ের মৃত্যু হওয়ায় তাঁদের সান্ত্বনা দেওয়ার জন্য জেরুশালেম থেকে অনেক ইহুদি তাঁদের কাছে এসেছিল। ²⁰ যীশুর আসার কথা শুনতে পেয়ে মার্থা তাঁর সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরেই রইলেন। ²¹ মার্থা যীশুকে বললেন, “প্রভু, আপনি এখানে উপস্থিত থাকলে আমার ভাইয়ের মৃত্যু হত না। ²² কিন্তু আমি জানি, আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন, তিনি আপনাকে এখনও তাই দেবেন।” ²³ যীশু তাঁকে বললেন, “তোমার ভাই আবার জীবিত হবে।” ²⁴ মার্থা উত্তর দিলেন, “আমি জানি, শেষের দিনে, পুনরুত্থানের সময়, সে আবার জীবিত হবে।” ²⁵ যীশু তাঁকে বললেন, “আমিই পুনরুত্থান ও জীবন। যে আমাকে বিশ্বাস করে, তার মৃত্যু হলেও সে জীবিত থাকবে। ²⁶ আর যে জীবিত এবং আমাকে বিশ্বাস করে, তার মৃত্যু কখনও হবে না। তুমি কি একথা বিশ্বাস করো?” ²⁷ তিনি তাঁকে বললেন, “হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে, জগতে যাঁর আগমনের সময় হয়েছিল, আপনিই সেই মশীহ, ঈশ্বরের পুত্র।” ²⁸ একথা বলে তিনি ফিরে গিয়ে তাঁর বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন, “গুরুমহাশয় এখানে এসেছেন, তিনি তোমাকে ডাকছেন।” ²⁹ একথা শুনে মরিয়ম তাড়াতাড়ি উঠে তাঁর কাছে গেলেন। ³⁰ যীশু তখনও গ্রামে প্রবেশ করেননি, মার্থার সঙ্গে তাঁর যেখানে দেখা হয়েছিল, তিনি তখনও সেখানেই ছিলেন। ³¹ যে ইহুদিরা মরিয়মকে তাঁর বাড়িতে এসে সান্ত্বনা দিচ্ছিল, তাঁকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখে তারা মনে করল, তিনি বোধহয় সমাধিস্থানে দুঃখে কাঁদতে যাচ্ছেন। তাই তারা তাকে অনুসরণ করল। ³² যীশু যেখানে ছিলেন, মরিয়ম সেখানে পৌঁছে তাঁকে দেখতে পেলেন। তিনি তাঁর পায়ে লুটিয়ে পড়ে বললেন, “প্রভু, আপনি এখানে উপস্থিত থাকলে আমার ভাইয়ের মৃত্যু হত না।” ³³ মরিয়মকে এবং তাঁর অনুসরণকারী ইহুদিদের কাঁদতে দেখে, যীশু আত্মায় গভীরভাবে বিচলিত ও উদ্বিগ্ন হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ³⁴ “তোমরা তাকে কোথায় রেখেছ?” তাঁরা উত্তর দিল, “প্রভু, দেখবেন আসুন।” ³⁵ যীশু কাঁদলেন। ³⁶ তখন ইহুদিরা বলল, “দেখো, তিনি তাঁকে কত ভালোবাসতেন!” ³⁷ কিন্তু তাদের মধ্যে কয়েকজন বলল, “যিনি সেই অন্ধ ব্যক্তির চোখ খুলে দিয়েছিলেন, তিনি কি সেই ব্যক্তিকে মৃত্যু থেকে রক্ষা করতে পারতেন না?” ³⁸ যীশু আবার গভীরভাবে বিচলিত হয়ে সমাধির কাছে উপস্থিত হলেন। সেটি ছিল একটি গুহা, তার প্রবেশপথে একটি পাথর রাখা ছিল। ³⁹ তিনি বললেন, “পাথরটি সরিয়ে দাও।” মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, “কিন্তু প্রভু, চারদিন হল সে সেখানে আছে। এখন সেখানে দুর্গন্ধ হবে।” ⁴⁰ যীশু তখন বললেন, “আমি কি তোমাকে বলিনি যে, যদি তুমি বিশ্বাস করো, তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে?” ⁴¹ তারা তখন পাথরটি সরিয়ে দিল। যীশু তারপর আকাশের দিকে দৃষ্টি দিয়ে বললেন, “পিতা, আমার প্রার্থনা শুনেছ বলে তোমায় ধন্যবাদ দিই। ⁴² আমি জানতাম, তুমি নিয়ত আমার কথা শোনো, কিন্তু এখানে যারা দাঁড়িয়ে আছে, তাদের উপকারের জন্য একথা বলছি। তারা যেন বিশ্বাস করে যে তুমি আমাকে পাঠিয়েছ,” ⁴³ একথা বলে যীশু উচ্চকণ্ঠে ডাক দিলেন, “লাসার, বেরিয়ে এসো!” ⁴⁴ সেই মৃত ব্যক্তি বেরিয়ে এলেন। তাঁর হাত ও পা লিনেন কাপড়ের ফালিতে জড়ানো ছিল, তার মুখ ছিল কাপড়ে ঢাকা। যীশু তাদের বললেন, “ওর বাঁধন খুলে ওকে যেতে দাও।”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.

প্রয়োগ

এবার, আসুন কেউ এই অনুচ্ছেদটি তাদের নিজের ভাষায় পুনরায় বলুক, যেন তারা এমন একজন বন্ধুকে বলছে যে কখনও তা শোনেনি। যদি তারা কিছু বাদ দেয় বা ভুল করে কিছু যোগ করে, তাহলে আসুন তাদের সাহায্য করি। যদি তা ঘটে, তাহলে আমরা জিজ্ঞাসা করব, "গল্পে আপনি এই বিষয়টি কোথায় পেয়েছেন?"
ঈশ্বর, তাঁর চরিত্র এবং তিনি কী করেন - এই সব বিষয়ে এই গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
এই গল্প থেকে আমরা মানুষ সম্পর্কে, আর নিজেদের সম্পর্কে কী শিখি?
এই গল্প থেকে শেখা ঈশ্বরের সত্যকে এই সপ্তাহে আপনি আপনার জীবনে কীভাবে প্রয়োগ করবেন? প্রয়োগ করার জন্য নির্দিষ্টভাবে আপনি কী করবেন?
আমাদের আবার দেখা হওয়ার আগে আপনি এই গল্প থেকে খুঁজে পাওয়া সত্য কার সঙ্গে শেয়ার করবেন? আপনি কি এমন কাউকে চেনেন যারা আমাদের মতো এই অ্যাপের মাধ্যমে ঈশ্বরের বাক্য আবিষ্কার করতে চান?
আমাদের মিটিং শেষ হওয়ার আগে আসুন আমরা ঠিক করে নিই যে আমাদের পরের মিটিং কবে হবে আর কে আমাদের সেই পরবর্তী মিটিং-এ সহায়তা করবে।
আপনি যা করবেন বলেছেন তা এবারে লিখে রাখুন আর পরের বার দেখা করার আগে এই গল্পটি আরেকবার পড়ুন। আমাদের যিনি সহায়তা করবেন তিনি প্রয়োজনে সেই গল্প বা অডিওটি আরেকবার শেয়ার করে দেবেন। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের সাহায্য করার জন্য।

0:00

0:00