যীশু গ্রেপ্তার হলেন

সহভাগিতা

গতবার আমাদের দেখা হওয়ার পর থেকে আপনার সাথে যা ঘটেছে তার উপর ভিত্তি করে, কোন কোন বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ?
এই সপ্তাহে কী আপনাকে মানসিক চাপের মুখে ফেলেছে এবং কী করলে পরিস্থিতি ভালো হবে বলে মনে হয়?
আপনার সম্প্রদায়ের লোকদের প্রয়োজন কী কী এবং আমরা কীভাবে একে অপরের প্রকাশিত চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারব?
শেষবার যখন আমাদের দেখা হয়েছিল, তখন গল্পটা কী ছিল? ঈশ্বর এবং মানুষ সম্পর্কে আমরা কী শিখেছি?
আমাদের শেষ মিটিং এ, আপনি যা শিখেছেন তা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি কী করতে পেরেছেন? তা কেমন ছিল?
আগের গল্পটি থেকে আপনি কারও সঙ্গে কি কিছু শেয়ার করেছেন? তারা কীভাবে সাড়া দিয়েছেন?
আগের বারে আমরা বেশ কয়েকটি প্রয়োজন চিহ্নিত করেছিলাম এবং সেই চাহিদা মেটানোর পরিকল্পনা করেছিলাম। তা কেমন হলো?
এবার, ঈশ্বরের কাছ থেকে আজকের গল্প পড়ি...

মথি 26: 36-56

³⁶ তারপর যীশু তাঁর শিষ্যদের সঙ্গে গেৎশিমানি নামে এক স্থানে গেলেন। তিনি তাদের বললেন, “আমি যতক্ষণ ওখানে প্রার্থনা করি তোমরা ততক্ষণ এখানে বসে থাকো।” ³⁷ তিনি পিতর ও সিবদিয়ের দুই পুত্রকে তাঁর সঙ্গে নিলেন। তিনি ক্রমেই দুঃখার্ত ও ব্যাকুল হতে লাগলেন। ³⁸ তারপর তিনি তাঁদের বললেন, “আমার প্রাণ মৃত্যু পর্যন্ত দুঃখার্ত হয়েছে। তোমরা এখানে থাকো, এবং আমার সঙ্গে জেগে থাকো।” ³⁹ আরও কিছু দূর এগিয়ে, তিনি ভূমিতে উবুড় হয়ে প্রার্থনা করলেন, “পিতা, যদি সম্ভব হয়, এই পানপাত্র আমার কাছ থেকে দূর করে দাও। তবুও আমার ইচ্ছামতো নয়, কিন্তু তোমারই ইচ্ছামতো হোক।” ⁴⁰ তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে জিজ্ঞাসা করলেন, “তোমরা কি এক ঘণ্টাও আমার সঙ্গে জেগে থাকতে পারলে না? ⁴¹ জেগে থাকো ও প্রার্থনা করো, যেন তোমরা প্রলোভনে না পড়ো। আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল।” ⁴² তিনি দ্বিতীয়বার গিয়ে প্রার্থনা করলেন, “পিতা আমার, আমি পান না করলে যদি এই পাত্র দূর না হয়, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক।” ⁴³ যখন তিনি ফিরে এলেন, তিনি আবার তাঁদের ঘুমাতে দেখলেন, কারণ তাঁদের চোখের পাতা ভারী হয়ে উঠেছিল। ⁴⁴ তাই তিনি পুনরায় তাদের ছেড়ে এগিয়ে গেলেন ও একই কথা বলে তৃতীয়বার প্রার্থনা করলেন। ⁴⁵ তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে গিয়ে বললেন, “তোমরা কি এখনও ঘুমিয়ে আছ ও বিশ্রাম করছ? দেখো, সময় হয়েছে। মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। ⁴⁶ ওঠো, চলো আমরা যাই! দেখো, আমার বিশ্বাসঘাতক এসে পড়েছে!” ⁴⁷ তিনি তখনও কথা বলছেন সেই সময় বারোজনের অন্যতম যিহূদা সেখানে এসে উপস্থিত হল। তার সঙ্গে ছিল একদল সশস্ত্র লোক, তাদের হাতে ছিল তরোয়াল ও লাঠিসোঁটা। প্রধান যাজকেরা ও লোকসমূহের প্রাচীনবর্গ তাদের পাঠিয়েছিল। ⁴⁸ সেই বিশ্বাসঘাতক তাদের এই সংকেত দিয়ে রেখেছিল, “যাকে আমি চুম্বন করব, সেই ওই ব্যক্তি; তাকে গ্রেপ্তার কোরো।” ⁴⁹ সেই মুহূর্তেই যীশুর কাছে গিয়ে যিহূদা বলল, “রব্বি, নমস্কার!” আর তাঁকে চুম্বন করল। ⁵⁰ যীশু উত্তর দিলেন, “বন্ধু, যা করতে এসেছ, তুমি তাই করো।” তখন সেই লোকেরা এগিয়ে এসে যীশুকে ধরল ও তাঁকে গ্রেপ্তার করল। ⁵¹ তাই দেখে যীশুর সঙ্গীদের একজন তাঁর তরোয়াল বের করে মহাযাজকের দাসকে আঘাত করে তার কান কেটে ফেললেন। ⁵² যীশু তাঁকে বললেন, “তোমার তরোয়াল পুনরায় স্বস্থানে রাখো, কারণ যারাই তরোয়াল ধারণ করে তারাই তরোয়ালের দ্বারা মৃত্যুবরণ করবে। ⁵³ তুমি কি মনে করো? আমি কি আমার পিতাকে ডাকতে পারি না, আর তিনি সঙ্গে সঙ্গে কি আমার অধীনে বারোটি বাহিনীরও বেশি দূত পাঠিয়ে দেবেন না? ⁵⁴ তাহলে শাস্ত্রবাণী কীভাবে পূর্ণ হবে, যা বলে যে, এসব এভাবেই ঘটবে?” ⁵⁵ সেই সময় যীশু লোকদের বললেন, “আমি কি কোনও বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছি যে, তোমরা তরোয়াল ও লাঠিসোঁটা নিয়ে আমাকে ধরতে এসেছ? প্রতিদিন আমি মন্দির চত্বরে বসে শিক্ষা দিয়েছি, তখন তো তোমরা আমাকে গ্রেপ্তার করোনি। ⁵⁶ কিন্তু এ সমস্ত এজন্যই ঘটছে, যেন ভাববাদীদের লিখিত বচনগুলি পূর্ণ হয়।” তখন সব শিষ্য তাঁকে ত্যাগ করে পালিয়ে গেলেন।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.

প্রয়োগ

এবার, আসুন কেউ এই অনুচ্ছেদটি তাদের নিজের ভাষায় পুনরায় বলুক, যেন তারা এমন একজন বন্ধুকে বলছে যে কখনও তা শোনেনি। যদি তারা কিছু বাদ দেয় বা ভুল করে কিছু যোগ করে, তাহলে আসুন তাদের সাহায্য করি। যদি তা ঘটে, তাহলে আমরা জিজ্ঞাসা করব, "গল্পে আপনি এই বিষয়টি কোথায় পেয়েছেন?"
ঈশ্বর, তাঁর চরিত্র এবং তিনি কী করেন - এই সব বিষয়ে এই গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
এই গল্প থেকে আমরা মানুষ সম্পর্কে, আর নিজেদের সম্পর্কে কী শিখি?
এই গল্প থেকে শেখা ঈশ্বরের সত্যকে এই সপ্তাহে আপনি আপনার জীবনে কীভাবে প্রয়োগ করবেন? প্রয়োগ করার জন্য নির্দিষ্টভাবে আপনি কী করবেন?
আমাদের আবার দেখা হওয়ার আগে আপনি এই গল্প থেকে খুঁজে পাওয়া সত্য কার সঙ্গে শেয়ার করবেন? আপনি কি এমন কাউকে চেনেন যারা আমাদের মতো এই অ্যাপের মাধ্যমে ঈশ্বরের বাক্য আবিষ্কার করতে চান?
আমাদের মিটিং শেষ হওয়ার আগে আসুন আমরা ঠিক করে নিই যে আমাদের পরের মিটিং কবে হবে আর কে আমাদের সেই পরবর্তী মিটিং-এ সহায়তা করবে।
আপনি যা করবেন বলেছেন তা এবারে লিখে রাখুন আর পরের বার দেখা করার আগে এই গল্পটি আরেকবার পড়ুন। আমাদের যিনি সহায়তা করবেন তিনি প্রয়োজনে সেই গল্প বা অডিওটি আরেকবার শেয়ার করে দেবেন। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের সাহায্য করার জন্য।

0:00

0:00