¹ একদিন যীশু কোনো এক স্থানে প্রার্থনা করছিলেন। যখন শেষ করলেন, তাঁর একজন শিষ্য তাঁকে বললেন, “প্রভু, যোহন যেমন তাঁর শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন, তেমন আপনিও আমাদের প্রার্থনা করতে শিখিয়ে দিন।” ² তিনি তাঁদের বললেন, “প্রার্থনা করার সময়, তোমরা বোলো: “ ‘হে পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক। ³ প্রতিদিন আমাদের দৈনিক আহার আমাদের দাও। ⁴ আর আমাদের সব পাপ ক্ষমা করো, যেমন আমরাও নিজেদের সব অপরাধীকে ক্ষমা করি। আর আমাদের প্রলোভনে পড়তে দিয়ো না।’ ” ⁵ তারপর তিনি তাঁদের বললেন, “মনে করো, তোমাদের কোনও একজনের বন্ধু যদি মাঝরাতে তার কাছে গিয়ে বলে, ⁶ ‘বন্ধু, আমাকে তিনটি রুটি ধার দাও। আমার এক বন্ধু এক জায়গায় যাওয়ার পথে আমার কাছে এসেছে। কিন্তু তাকে খেতে দেওয়ার মতো আমার কিছুই নেই।’ ⁷ তখন ভিতর থেকে সে উত্তর দিল, ‘আমাকে বিরক্ত কোরো না। দরজা বন্ধ করা হয়েছে, ছেলেমেয়েরা আমার সঙ্গে শুয়ে আছে। আমি উঠে তোমাকে কিছু দিতে পারছি না।’ ⁸ আমি তোমাদের বলছি, যদিও তার বন্ধু বলে সে উঠে তাকে রুটি দিতে পারবে না, কিন্তু লোকটির আকুলতার জন্য সে উঠে তার চাহিদামতো রুটি তাকে দেবে। ⁹ “তাই আমি তোমাদের বলছি, চাও, তোমাদের দেওয়া হবে; খোঁজ করো, তোমরা পাবে; কড়া নাড়ো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। ¹⁰ কারণ যে চায়, সে গ্রহণ করে; যে খোঁজ করে, সে সন্ধান পায়; আর যে কড়া নাড়ে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়। ¹¹ “তোমাদের মধ্যে এমন বাবা কে আছে, ছেলে রুটি চাইলে যে তাকে পাথর দেবে, অথবা মাছ চাইলে তার পরিবর্তে সাপ দেবে? ¹² অথবা সে ডিম চাইলে তাকে কাঁকড়াবিছে দেবে? ¹³ তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায়, তাদের তিনি আরও কত না নিশ্চিতরূপে পবিত্র আত্মা দান করবেন!”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
0:00
0:00