¹ হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে মহিমান্বিত করব; চিরকাল আমি তোমার নামের প্রশংসা করব। ² প্রতিদিন আমি প্রশংসা করব আর চিরকাল তোমার নামের উচ্চপ্রশংসা করব। ³ সদাপ্রভু মহান ও অতীব প্রশংসার যোগ্য; কেউ তাঁর মহানতার পরিমাপ করতে পারে না। ⁴ এক প্রজন্ম তাদের সন্তানসন্ততিদের কাছে তোমার কাজের প্রশংসা করবে; আর তোমার পরাক্রমী কাজকর্ম বর্ণনা করবে। ⁵ তারা তোমার মহিমার গৌরব ও প্রভা ঘোষণা করবে আর আমি তোমার আশ্চর্য কাজ ধ্যান করব। ⁶ আর লোকে তোমার ভয়াবহ কাজের কথা বলবে, আর আমি তোমার মহিমা বর্ণনা করব। ⁷ তারা তোমার অজস্র ধার্মিকতা প্রচার করবে, আর মহানন্দে তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে। ⁸ সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান। ⁹ সদাপ্রভু সকলের প্রতি মঙ্গলময়; নিজের সব সৃষ্টির প্রতি তাঁর করুণা অপার। ¹⁰ হে সদাপ্রভু, তোমার সব কাজকর্ম তোমার প্রশংসা করে; তোমার বিশ্বস্ত লোকেরা তোমার উচ্চপ্রশংসা করে। ¹¹ তোমার রাজ্যের মহিমা তারা প্রচার করে, আর তোমার পরাক্রমের কথা বলে, ¹² যেন সব মানুষ তোমার পরাক্রমী কাজকর্ম আর তোমার রাজ্যের অপরূপ প্রতাপের কথা জানতে পারে। ¹³ তোমার রাজত্ব অনন্তকালস্থায়ী রাজত্ব, আর তোমার আধিপত্য বংশপরম্পরায় স্থায়ী। সদাপ্রভু তাঁর সব প্রতিশ্রুতিতে অবিচল, এবং তিনি যা করেন সবকিছুতেই নির্ভরযোগ্য। ¹⁴ যারা পতনের সম্মুখীন, সদাপ্রভু তাদের সবাইকে ধরে রাখেন আর যারা অবনত তাদের সবাইকে তিনি তুলে ধরেন। ¹⁵ সবার চোখ তোমার দিকে তাকিয়ে থাকে, আর যথাসময়ে তুমি তাদের খাবার জোগাও। ¹⁶ তুমি তোমার হাত উন্মুক্ত করো, আর সব জীবন্ত প্রাণীর অভিলাষ পূর্ণ করো। ¹⁷ সদাপ্রভু তাঁর সব কাজে ন্যায়পরায়ণ আর যা করেন সবকিছুতেই বিশ্বস্ত। ¹⁸ সদাপ্রভু তাদের সবার কাছে আছেন যারা তাঁকে ডাকে, সবার কাছে আছেন যারা তাঁকে সত্যে আহ্বান করে। ¹⁹ যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেন; তিনি তাদের কান্না শোনেন আর তাদের রক্ষা করেন। ²⁰ যারা তাঁকে ভালোবাসে, তিনি তাদের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু দুষ্টদের সবাইকে তিনি ধ্বংস করবেন। ²¹ আমার মুখ সদাপ্রভুর প্রশংসা করবে, আর প্রত্যেকটি প্রাণী যুগে যুগে ও চিরকাল তাঁর পবিত্র নামের প্রশংসা করবে।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
0:00
0:00