¹ তাহলে, তোমরা যেহেতু খ্রীষ্টের সঙ্গে উত্থাপিত হয়েছ, তাই ঈশ্বরের ডানদিকে, যেখানে খ্রীষ্ট উপবিষ্ট আছেন, সেই স্বর্গীয় বিষয়সমূহে মনোনিবেশ করো। ² তোমরা পার্থিব বিষয়সমূহে নয়, স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও। ³ কারণ তোমাদের মৃত্যু হয়েছে এবং এখন তোমাদের জীবন খ্রীষ্টের সঙ্গে ঈশ্বরে নিহিত আছে। ⁴ তোমাদের জীবনস্বরূপ খ্রীষ্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তাঁর সঙ্গে মহিমায় প্রকাশিত হবে। ⁵ তাই তোমাদের সমস্ত পার্থিব প্রবৃত্তিকে নাশ করো—অনৈতিক যৌনাচার, অশুদ্ধতা, ব্যভিচার, কামনাবাসনা এবং লোভ যা হল প্রতিমাপূজা। ⁶ এসব কারণেই যারা অবাধ্য, তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছে। ⁷ বিগত জীবনে, এক সময় তোমরা এসব কিছুতেই অভ্যস্ত ছিলে। ⁸ কিন্তু এখন তোমরা এসব বিষয় পরিত্যাগ করো: ক্রোধ, রোষ, বিদ্বেষ ও পরনিন্দা, এবং মুখে অশ্লীল ভাষা উচ্চারণ করা। ⁹ পরস্পরের কাছে মিথ্যা কথা বোলো না, কারণ তোমরা তোমাদের পুরোনো সত্তাকে তার কার্যকলাপসহ পরিত্যাগ করে ¹⁰ নতুন সত্তাকে পরিধান করেছ, যা তার স্রষ্টার প্রতিমূর্তিতে ঈশ্বরের জ্ঞানে নতুন হয়ে উঠছে। ¹¹ এখানে গ্রিক বা ইহুদি, সুন্নত হওয়া বা সুন্নতবিহীন, বর্বর, স্কুথীয়, ক্রীতদাস বা স্বাধীন বলে কিছু নেই, খ্রীষ্টই সব এবং তিনি সকলের মধ্যে আছেন। ¹² অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। ¹³ পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো। ¹⁴ এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে। ¹⁵ খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। ¹⁶ তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। ¹⁷ আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
0:00
0:00